শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ



চলছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। যেখানে শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ দল। আজ চলমান আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমেছে টাইগাররা। যেখানে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা।


নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে তিন উইকেটে ৪০ রান। এর আগে টস জিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১১৩ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। এতে করে ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।


এদিন বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। ইনিংসের দ্বিতীয় ওভারে রাবাদাকে দুই বলে টানা দুটি চার হাঁকান তামিম। তবে তার করা ওভারের শেষ বলে উইকেটের পিছে ধরা পড়েন এ ওপেনার।


শুরুতেই উইকেট হারানোর পর দলের হাল ধরেন শান্ত ও লিটন দাস। পাওয়ার প্লে-র বাকি অংশ নির্বিঘ্নে কাটিয়েছেন দুজন। তবে পাওয়ার প্লে শেষ হতেই আবারও প্রোটিয়াদের হাতে ধরা দেন টাইগাররা। মহারাজের বলে মিলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন। এরপর ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি সাকিবও। ৮ম ওভারে নর্টজির বলে আউট হয়ে তিনিও সাজঘরে ফেরেন। বর্তমানে ক্রিজে থেকে লক্ষ্যের দিকে এগোচ্ছেন হৃদয় ও শান্ত।


এর আগে আজ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। তানজিম হাসান সাকিবের করা প্রথম ৫ বল থেকে ১১ রান নেন কুইন্টন ডি কক। তবে মুখোমুখি প্রথম বলেই এলবিডব্লিউ হন আরেক ওপেনার রেজা হেনড্রিকস।


নিজের দ্বিতীয় ওভারে এসে আরেক ওপেনার ডি কককে ফেরান সাকিব। এই উইকেটকিপার ব্যাটার করেন ১৮ রান। সাকিবের তৃতীয় শিকারে পরিণত হওয়া ট্রিস্টান স্টাবস ডাক মারেন। এর আগে তাসকিনের বলে ৪ রানে বোল্ড হন মার্করাম।


মাত্র ২৩ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দক্ষিণ আফ্রিকা। তবে সেখান থেকে দলের হাল ধরেন ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন। দুজনে গড়েন ৭৯ রানের জুটি। তাদের ব্যাটে ম্যাচে ফিরে আসে প্রোটিয়ারা।


নিজের শেষ ওভারে আক্রমণে এসে বিপদজনক ক্লাসেনকে বোল্ড করেন তাসকিন। এ প্রোটিয়া ব্যাটার দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন। মিলার করেন ২৯ রান। বাংলাদেশের হয়ে তানজিম তিনটি, তাসকিন দুটি ও রিশাদ একটি উইকেট নেন।

Post a Comment

Previous Post Next Post